আনোয়ারার সব শিল্পকারখানা বিএনপির আমলে হয়েছে: নিজাম
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, আনোয়ারায় যেসব শিল্পকারখানা হয়েছে সব খালেদা জিয়া করেছেন। বিএনপির শাসনামলে এসব হয়েছে। এখন সেখানে হাজার হাজার নারী-পুরুষ কর্মরত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত নারীদের জন্য ফ্যামেলিকার্ড দেওয়া হবে। যার মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া পুরুষদের জন্য কৃষিকার্ড এবং বেকারদের জন্য দেড় হাজার টাকার বেকারকার্ড দেওয়া হবে। হেল্থকার্ড দিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আজ স্বাধীন দেশে ক্ষমতায় আসার জন্য বসে আছেন। কিন্তু আপনারা কি এই স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন? আপনারা তো পাকিস্তানি দোসরদের আমাদের মা-বোনদের ওপর লেলিয়ে দিয়েছেন।
সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব রাহুল ধরের সঞ্চালনায় ও আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফ্রন্টের চেয়্যারম্যান ও বিএনপি চেয়্যারমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান উদয় কুসুম বড়ুয়া, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, অপু বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, রুবেল বড়ুয়া, সুশীল বড়ুয়া প্রমুখ।
এছাড়া বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে আনোয়ারা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্জুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, হাসান চেয়ারম্যান, ইকবাল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট লুকমান শাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
