Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

লক্ষ্মীপুরের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের সদরের একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।  

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, গত বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিন দিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।  

 এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি আমার জানা আছে এবং এ বিষয়ে সদর থানায় অভিযোগ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম