Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলের বিভিন্ন কেন্দ্রের ভোটারদের উপস্থিতি নগণ্য

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

নান্দাইলের বিভিন্ন কেন্দ্রের ভোটারদের উপস্থিতি নগণ্য

ভোটারবিহীন নান্দাইলের পৌর সদরে অবস্থিত নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইলের ১২১টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহন শুরু হলেও ভোটার উপস্থিতির হার ছিল একেবারেই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেলেও তা সন্তোষজনক ছিল না। আবার কোনো কোনো কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি।

সকাল ৮টায় পৌরসদরের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের কোন লাইন বা জটলা দেখা যায়নি। তবে একই সময় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সেখানে পুরুষ ভোটারের সামান্য লাইন দেখা গেছে। এরপর সকাল ১১টায় মুশুলী ইউপির মোড়াগালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেখানে কয়েকজন পুরুষ ভোটার পাওয়া যায়। 

সিংরইল ইউপির মহাবৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কয়েকজন নারী ভোটারের সারি।

সেখানকার প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৯৪০। বেলা ১২টা পর্যন্ত ৫টি বুথে ৭৮০ ভোট পড়েছে। 

সাড়ে ১২টায় উদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানেও ভোটারদের কোনো সারি নেই। ভোটাররা এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।  

প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন জানান, কেন্দ্রে মোট ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

এরপর আউলিয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটাররা সামান্য সারি করে অপেক্ষা করছেন।

প্রিসাইডিং অফিসার জানান, ওই কেন্দ্রের ৩৬৩৭ ভোটারের মধ্যে সকাল দশটা পর্যন্ত মাত্র ৪৯২টি ভোট পড়েছে। 

দুপুর একটায় আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানেও ভোটারদের অপেক্ষমান কোনো সারি দেখা যায়নি। 

কর্তব্যরত প্রিসাইডিং অফিসার জানান, বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৫৫৫টি। 

ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সেখানেও অপেক্ষমান ভোটারদের কোন সারি চোখে পড়েনি। 

প্রিসাইডিং অফিসার গৌতম কুমার সাহা জানান, কেন্দ্রে মোট ৪০৩৪ ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৯৮২ ভোট পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম