Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ার সেই নারীর নিরাপত্তায় পুলিশ, মামলা হয়নি এখনো

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

হাতিয়ার সেই নারীর নিরাপত্তায় পুলিশ, মামলা হয়নি এখনো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভোটকে কেন্দ্র করে এক নারীকে নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগকারী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে বডিওর্ন ক্যামেরাসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে ভুক্তভোগীর স্বামী নিখোঁজ থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নেতৃত্বে সাত সদস্যের পুলিশ দল দায়িত্ব পালন করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, এসআই সায়মার নেতৃত্বে একজন নারী এএসআই, দুইজন নারী কনস্টেবল ও তিনজন পুরুষ কনস্টেবল ভুক্তভোগীর কেবিনের সামনে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন।

ভুক্তভোগীর সঙ্গে থাকা এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির চানন্দি ইউনিয়ন আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, প্রাণনাশের হুমকি পাওয়ায় ভুক্তভোগীর স্বামী হাতিয়ার নিঝুম দ্বীপে আশ্রয় নিয়েছেন। তাকে ফিরিয়ে এনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানা পুলিশের ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, পুলিশ কেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

অন্যদিকে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে শুক্রবার রাত ও শনিবার সকালে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের তথ্য মিলেছে। তবে ধর্ষণের অভিযোগের সত্যতা এখনো মেলেনি। অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করা হবে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে থানা বা আদালতের নির্দেশনা না থাকায় কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো করা সম্ভব হয়নি।

অভিযোগ অনুযায়ী, চানন্দি ইউনিয়নের ৩২ বছরের ওই নারী দাবি করেন, নির্বাচনে শাপলা প্রতীকে ভোট দেওয়ার জেরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক তাকে ও তার স্বামীকে মারধর করেন। তার স্বামীকে একটি কক্ষে বেঁধে রেখে আবদুর রহমান নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। পরদিন বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার রাতে নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ নেন। একই সময় নোয়াখালী-৪ আসনে পরাজিত জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ভিডিও কলে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় নেতারা সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী সফরের আশ্বাস দেন। রোববার দুপুর ১২টায় নোয়াখালী জিলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে জেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিন জানান, কর্মসূচি একদিন পিছিয়ে সোমবার পালন করা হবে।

ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, মব সৃষ্টি করে এসব করা হচ্ছে। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ভুক্তভোগীর বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করছেন। অভিযোগের সত্যতা ও পেছনের প্রেক্ষাপট নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ ও মেডিকেল পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম