Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হামলা থেকে রেহাই পেতে হালদায় ঝাঁপ দেওয়া যুবকের সন্ধান মেলেনি

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

হামলা থেকে রেহাই পেতে হালদায় ঝাঁপ দেওয়া যুবকের সন্ধান মেলেনি

Advertisement

মেলায় ঘুরতে গিয়ে প্রতিপক্ষের মারধর থেকে রেহাই পেতে চট্টগ্রামের হালদা নদীতে লাফ দেওয়া মো. সাব্বির (২১) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। ওই যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী। তিনি জানান, ট্রিপল নাইনে (৯৯৯) সংবাদ পেয়ে রোববার ভোর রাত থেকে হাটহাজারী মডেল পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌপুলিশ হালদা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। 

নিখোঁজ সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মইশকরম এলাকার মান উল্লাহ চৌধুরী বাড়ির রাজমিস্ত্রি আব্দুল মান্নানের পুত্র। সাব্বির ছিল একজন বেকার যুবক। তবে বর্তমানে তিনি তার বাবাকে কাজে সহযোগিতা করতেন। আগামী কয়েক মাসের মধ্যে তার মধ্যপ্রাচ্যের দেশে পাড়ি জমানোর কথা ছিল বলে জানা গেছে।

নিখোঁজ সাব্বিরের চাচতো ভাই মো. টিপু জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমার চাচতো ভাই রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে ১০-১২ জন বন্ধু নৌকাযোগে হালদা নদী পার হয়ে পার্শ্ববর্তী উপজেলা হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সিরহাটে পীরপোয়া ফকিরের ওরস উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়েছিল। ওই সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ধাওয়া করলে তারা ফের নৌকায় উঠে বাড়ি চলে আসছিল।

এমন সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে নৌকায় উঠে তাদের মারধর শুরু করে। ফলে তারা প্রাণে বাঁচতে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন সাব্বির ও মারুফকে বাঁশ দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তারা দুইজন হালদা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। এতে মারুফ হালদা নদী সাঁতরে উঠতে পারলেও সাব্বিরকে আর খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটাহাজারী থানার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে হাটহাজারী ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সহযোগিতা নিয়ে হালদা নদীতে উদ্ধার কাজ শুরু করি। সাব্বিরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জোর তৎপরতা চালাচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম