কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন।
গুলিবিদ্ধরা হলেন- ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।
এ ঘটনায় দফাদারপাড়া এলাকার মজুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলেও তিনি জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
