সুন্দরবনের কটকা এলাকা থেকে ট্রলারসহ তিন জেলেকে অপহরণ
Advertisement
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করার সময় মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলারসহ ৩ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।
সোমবার দুপুর ২টার দিকে বরগুনার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে সুন্দরবন এলাকা বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ওই জেলেদের ধরে নিয়ে যায় জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।
অপহৃত জেলেরা হলেন- মন্নানের ছেলে মাহবুব, মালেকের ছেলে রাজু ও রাজন। তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েক দিন আগে বাজার সওদায় করে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার নাম বিহীন একটি ইঞ্জিন চালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ শিকার করতে যায়। শনিবার দিবাগত রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। তারা নিদিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।
ট্রলার মালিক মাসুম আরও জানান, জলদস্যুরা বলেছেন সাংবাদিকদের জানালে জেলেদের মেরে ফেলা হবে। ভয়ে আমরা কাউকে জানায়নি।
তিনি আরও বলেন, কয়েক দিন আগেও ওই জলদ্যুরা পাথরঘাটার ফোরকান মাঝি এবং সিদ্দিকসহ ৮ জন জেলেকে ধরে নিয়ে যায় এবং তারা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তার মোবাইল ফোনে কল করা হলে নাম প্রকাশ না করে বলেন, এ রকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এ রকম কোনো ঘটনা ঘটলে আমাদেরকে লিখিতভাবে জানাতে হবে।
