Logo
Logo
×
   

সারাদেশ

আ.লীগ কার্যালয় উদ্বোধনের চার ঘণ্টা পর ভাঙচুর, তালা

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

আ.লীগ কার্যালয় উদ্বোধনের চার ঘণ্টা পর ভাঙচুর, তালা

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় সকালে উদ্বোধনের সাড়ে চার ঘণ্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের কর্মীরা পুনরায় ভাঙচুর ও তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে সকাল সাড়ে ৭টার দিকে ১৮ মাস পরে পুনরায় উদ্বোধন করা হলে সেটি ৪ ঘণ্টা পরে ভাঙচুর করে তালা লাগানোর ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে দলটির স্থায়ী কার্যালয় উদ্বোধনের সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।

উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তবে চার ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে একই কার্যালয় উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মীর দ্বারা পুনরায় ভাঙচুরের শিকার হয় এবং তালা দিয়ে বন্ধ করা হয়।

দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে যতটুক মামলা-হামলার শিকার হয়েছি নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত পুনরায় শান্তিতে আছি। যারা আজকের এ ঘটনা ঘটিয়েছে, তারা আওয়ামী লীগের দুষ্কৃত ও স্বতন্ত্র প্রতিপক্ষ হাসান মামুনের লোকজনেরা তাদের মাধ্যমে অফিস উদ্বোধন করিয়েছে। এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। নুরুল হক নূরের এমপি হওয়ার পরে তার ওপর একটি অপরাজনীতি সৃষ্টি হয়; সেজন্য তারা এ ধরনের কাজ করেছে। তবে পরিস্থিতি বিভ্রান্তিকর হলেও এটি রাজনৈতিকভাবে কোনো স্থায়ী প্রভাব ফেলে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যালয় পুনরায় চালু হয়েছে। কিন্তু চার ঘণ্টার মধ্যে পুনরায় ভাঙচুর হওয়া রাজনৈতিকভাবে উদ্বেগজনক। প্রশাসন কেন এ বিষয়ে পদক্ষেপ নিল না, তা স্পষ্ট নয়। নির্বাচনের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালুর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস পুনরায় খোলা হচ্ছে। তারা কী সত্যিই আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছে, তা বোধগম্য নয়। থানা পুলিশ যদি বিষয়টি প্রতিহত করতে ব্যর্থ হয়, প্রয়োজন হলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মনে করছেন, দীর্ঘদিন পর কার্যালয় পুনরায় চালু হলেও স্থায়িত্বহীনতা এবং অরাজকতা স্থানীয় রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে প্রশাসনের সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

দশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে মোবাইলে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম