জুলাই শহীদের বাবার ওপর হামলা করে টাকা ছিনতাই, মামলা তুলে নিতে হুমকি
Advertisement
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সামিদের বাবার ওপর প্রকাশ্য দিবালোকে হামলা করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা শহরে অটোরিকশায় রওনা দেওয়ার পথে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে শহীদ সামিদের বাবা মো. ফরহাদ মিয়া ও তার সামিদের চাচা ফজলুল হক গুরুতর আহত হন।
ঘটনায় অভিযুক্ত হামলাকারী মাসুদ মিয়া ও মো. হালিমসহ ১০-১২ জনের দলের অধিকাংশই ফরহাদের পূর্বপরিচিত বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
ভুক্তভোগী পরিবার ও মামলার অভিযোগ সূত্রে যায়, ভাঙা ঘর মেরামত করতে ঢেউটিন কেনার উদ্দেশ্যে নগদ ৫০ হাজার টাকা নিয়ে অটোরিকশা করে মুক্তাগাছা শহরে যাচ্ছিলেন ফরহাদ ও তার ছোট ভাই ফজলুল হক। অটোরিকশাটি শিবপুর এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা মাসুদ মিয়া ও হালিমসহ তার দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা সামিদের বাবার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। ভাইকে রক্ষায় ফজলুল হক এগিয়ে এলে হামলাকারীরা তাকেও আঘাত করে এবং ঢেউটিন কেনার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে দা দিয়ে কোপ দেওয়া হলে বাম চোখের ওপর লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ফজলুল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মাসুদ ও আ. হালিমসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফরহাদ মিয়া।
ঘটনার বিষয়ে জুলাই শহীদের পিতা ফরহাদ মিয়া বলেন, ঘর মেরামতের জন্য ঢেউটিন কিনতে ছোট ভাইকে নিয়ে শহরে যাচ্ছিলাম। দিনদুপুরে তারা আমাদের পথ আটকিয়ে মারধর করে এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। উলটো মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখানো হচ্ছে। একে তো জুলাইয়ের আন্দোলনে ছেলেকে হারিয়েছি। অন্যদিকে আতঙ্কে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় অভিযুক্ত আ. হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শহীদ সামিদের বাবার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
