কিশোরী গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় কারাগারে নারী
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মেহেন্দীগঞ্জে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার ফাইজা উপজেলার চরহোগলা এলাকার প্রবাসী জহির তালুকদারের স্ত্রী।
লামিয়া (১৪) নামে ওই গৃহকর্মী মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী লামিয়া জানায়, প্রবাসীর বাড়িতে অনেক দিন ধরে সে কাজ করে। বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ফাইজা তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। শুক্রবার লামিয়া পালিয়ে গিয়ে তার মামা সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে গ্রেফতার করে।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইমরানুল হক বলেন, ওই কিশোরী এক বাসায় কাজ করতো। তাকে নাকি সেখানে অত্যাচার করা হতো। গরম পানিতে কিশোরীর এক হাতে বেশি এবং অপর হাতে কিছুটা কম দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

