গভীর রাতে মাদকবিরোধী অভিযানে এমপি হাজী জসিম উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে নেমেছেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। সোমবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন কুমিল্লা-৫ আসনের ওই সংসদ সদস্য।
এ সময় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এমপি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও বেচাকেনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর নির্দেশনা এখানে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদককারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এখন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিজিবির সদস্যরা অংশ নেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
