Logo
Logo
×

সারাদেশ

হাদি হত্যার বিচার নিয়ে নাটক করলে রুখে দেওয়া হবে: মাছুমা হাদি

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

হাদি হত্যার বিচার নিয়ে নাটক করলে রুখে দেওয়া হবে: মাছুমা হাদি

ভারতে গ্রেফতারকৃত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার পরিবার।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাছুমা হাদি এ দাবি জানান। হাদি হত্যার বিচার নিয়ে কোনো নাটক মঞ্চস্থ হলে হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন মাছুমা হাদি।

সংবাদ সম্মেলনে হাদির ভগিনীপতি আমির হোসেন, স্থানীয় শাহাদাত আলম, তৌহিদ আলম মান্না, সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী ও সাথী আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাছুমা হাদি অভিযোগ করেন, গত বছরের ১২ ডিসেম্বর তার ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিট দিতে পারেনি। জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলেরও দাবি জানান তিনি।

মাছুমা হাদি বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি, হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে। এ হত্যার পেছনের নির্দেশদাতা, অর্থের জোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সব দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে।

ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। কোনো দায়সারা চার্জশিট দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হবে বলেও জানান মাছুমা হাদি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম