Logo
Logo
×
   

সারাদেশ

পুলিশের ২৫২ ভুয়া রেশন কার্ড, ১১ জনের বিরুদ্ধে মামলা

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

পুলিশের ২৫২ ভুয়া রেশন কার্ড, ১১ জনের বিরুদ্ধে মামলা

এবার পুলিশের বিরুদ্ধে অপরাধমূলক ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। দুদকের দীর্ঘ অনুসন্ধানে পুলিশের ১১ সদস্যের বিরুদ্ধে ২৫২টি ভুয়া রেশন কার্ডের মাধ্যমে অন্তত চার কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে এসেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা করেছেন।

জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণাপূর্বক পুলিশ রেশন স্টোর, ঝালকাঠি পুলিশ লাইনসে ২০১৩ থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৩ কোটি, ৯৪ লাখ, ৪০ হাজার, ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. আলাউদ্দিন (মেস ম্যানেজার), আরিফ মাহমুদ (শহর-যানবাহন), মো. আল মামুন (শহর-যানবাহন), রেজাউল করিম (শহর-যানবাহন), কাজী রেজাউজ জামান (শহর-যানবাহন), মো. আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম (মেস ম্যানেজার), মেহেদী হাসান, মো. তৌফিক এলাহী (অফিস সহকারী), মো. জহির উদ্দিন (ওজনদার-রেশন স্টোর) ও সৈয়দ জসিম উদ্দিন (বিক্রয় সহকারী)।

এজাহারের বিবরণীতে বলা হয়েছে, ঝালকাঠি পুলিশ লাইনসে ২৫২টি ভুয়া কার্ড তৈরি করে রেশন সামগ্রী উত্তোলন করে ৩ কোটি, ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

সূত্র আরও জানায়, ঝালকাঠিতে ২০১৩ সালে ৬০টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ১৪ লাখ, ৮১ হাজার, ১২৪ টাকা এবং ২০১৪ সালে ৫৬টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ২৯ লাখ, ২৭ হাজার, ৯২৮ টাকা, একই আসামিরা ২০১৫ সালে ৬৩টি ভুয়া কার্ড তৈরি করে দ্রব্য সামগ্রী উত্তোলন করে ২৯ লাখ, ৪২ হাজার, ৪৭ টাকা আত্মসাৎ করেন। এভাবে চরম দুর্নীতি সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের পর বছর সরকারি পণ্যাদি গ্রাস করে জঘন্য অপরাধ করে মামলার আসামি হয়েছেন।

দুদক সূত্র আরও জানায়, অত্র অপরাধের সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .