Logo
Logo
×
   

সারাদেশ

‘সন্ত্রাস’ করে কেউ গ্রেফতার হলে কোনো তদবির চলবে না: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

‘সন্ত্রাস’ করে কেউ গ্রেফতার হলে কোনো তদবির চলবে না: জিকে গউছ

জাতীয় সংসদের হুইপ জিকে গউছ বলেছেন, সন্ত্রাস, অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় সৃষ্টি করলে কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে তৎপর রয়েছে। এ ক্ষেত্রে আমার অবস্থান জিরো টলারেন্স। সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। সন্ত্রাস, অস্ত্র প্রদর্শন করে কেউ গ্রেফতার হলে তাদের বিষয়ে কোনো রাজনৈতিক তদবির চলবে না।

হবিগঞ্জে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শহরের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল হক।

পৌরসভার প্রধান নির্বাহী জাবেদ ইকবালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- পিটিআই মসজিদের খতিব মাওলানা এমএ জলিল, কোর্ট জামে মসজিদ ইমাম মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী, উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ।

পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মসজিদের খতিব, ইমামদের ভূমিকা রাখারও আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার পক্ষে ৮৩টি মসজিদের ১৪ জন খতিব, ৮২ জন ইমাম ও ৮১ জন মুয়াজ্জিনের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করা হয়। খতিব এবং ইমামদেরকে ৪ হাজার করে এবং মুয়াজ্জিনদের ৩ হাজার করে নগদ টাকা দেওয়া হয়।

হুইপ জিকে গউছ ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভায় প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে এ প্রচলনটি শুরু করেন। এছাড়াও তিনি হজযাত্রীদের প্রশিক্ষণ, খতনা, দরিদ্র ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আয়োজন করে ব্যাপক প্রশংসিত হন।

অনুষ্ঠানে হুইপ জিকে গউছ এমপি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ আমলে আমার ওপর অমানবিক অত্যাচার নির্যাতন হয়েছে। ১৫শ দিনের বেশি আমাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমি তখন পৌরসভার মেয়র। জনপ্রিয়তাই আমার অপরাধ। মানুষ আমাকে ভালোবাসে। ভালোবাসা দিয়েই আমি মানুষের ভালোবাসা অর্জন করেছি। তাই কারাগারে বন্দি অবস্থায়ও মানুষ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন।

তিনি বলেন, আমি কাজ প্রিয় মানুষ। পৌরসভার মেয়র থাকা অবস্থায় নতুন নতুন আইডিয়া খোঁজে বের করতাম। সে অনুযায়ী পরিকল্পনা করে কাজ করেছি। এখনো আমি সে ধারা অব্যাহত রাখতে চাই। মানুষের মাঝেই থাকতে চাই। মানুষের জন্য কাজ করে যেতে চাই।

পরে হুইপ জিকে গউছ শায়েস্তানগরে ওয়াকওয়ে উদ্বোধন, পৌর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও পৌরসভার ইফতার মাহফিলে অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .