Logo
Logo
×
   

সারাদেশ

বাগেরহাটে আইজিপির বাসায় চুরির খবর সত্য নয়: পুলিশ সুপার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

বাগেরহাটে আইজিপির বাসায় চুরির খবর সত্য নয়: পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রকৃত ঘটনা হলো গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে আইজিপির নিকটাত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে। এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .