ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন নাইম হোসেন নামে এক যুবক। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়া ও ফের ধর্ষণ করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে তাকে উপজেলার বাগদা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নাইম হোসেন (৩৩) কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, বেশ কিছুদিন আগে মোবাইলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নাইমের পরিচয় হয়। এর সূত্র ধরে ওই যুবক প্রায় দিন প্রতিদিন প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে চান। গত ৪ মার্চ সন্ধ্যার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক প্রবাসীর বাড়িতে গিয়ে হাজির হন। সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন নাইম হোসেন। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন তিনি।
এরপর থেকে নাইম প্রবাসীর স্ত্রীকে ফোন করে হুমকি দেন, তার সঙ্গে প্রতিদিন শারীরিক সম্পর্ক না করলে এবং তার দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা না দিলে ধর্ষণের ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দিবেন বলে হুমকি দেন। এভাবে তিনি ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। এই অশ্লীল ভিডিও তার স্বামীর কাছে পাঠিয়ে দেবেন বলেও হুমকি দেন।
পরে কোনো উপায় না পেয়ে প্রবাসীর স্ত্রী গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে বৃহস্পতিবার (১৯ মে) ভোররাতে বাগদা বাজার পানের দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেফতার নাইম হোসেনকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
