ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বরাবরের মতো এবারও নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, যেখানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা নামাজ আদায় করবেন।
একই সময়ে দরগাহ হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণ ও দরগাহ হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, শাহজালাল দরগাহ মসজিদে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।
নগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে। কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। এছাড়া জামেয়া মদিনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত হবে সকাল ৮টা ও সাড়ে ৮টায়।
দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারিত হবে এবং সে অনুযায়ী নির্ধারিত সময়সূচি অনুসরণ করে মুসল্লিরা জামাতে অংশ নেবেন।
