আসুন সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি: কায়সার কামাল
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি নির্বাচনের আগে সবার কাছে কথা দিয়েছিলাম, আমি কোনো দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না। দুঃস্থদের জন্য যা বরাদ্দ আসবে, সেগুলো সততা ও নিষ্ঠার সাথে বিতরণ করব। এলাকার অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। আসুন সবাই মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ২৫০ জন অসহায় দুঃস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রায় ৪শত পরিবারের মাঝে শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
দুর্গাপুর উপজেলায় বিতরণের জন্য বরাদ্দ পাওয়ার পরেই, দলীয় নেতাকর্মী ছাড়া বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে বিতরণ কমিটি গঠন করে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ঈদ উপহার নিতে আসা মাছ বিক্রেতা আলাল উদ্দীন বলেন, ‘আমরারে এমত সুন্দর কইরা ঈদ উপহার দিছনই আমরার বেরেস্টার কায়সার কামাল বেডা এর লাগিন আমরা খুশি। এলেকশনের আগে হেইলা কইছইন, গরিবের লাগিন যত উপহার আইবো, সবই সঠিক ভাবে বিতরণ করবাইন। আমরা আইজ এর হরমান হাইলাম, ধইন্যবাদ দেই তারেক রহমানরে ও বেরেস্টার কায়সার কামাল রে।’
উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
