ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কমেছে যাত্রীর চাপ
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গত দুইদিন পর মানুষের চাপ কমতে শুরু করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাসড়কে এই চাপ কমতে শুরু করেছে। এর আগে গত সোমবার থেকে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে ঘরমুখো মানুষ।
সরেজমিনে দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী হতে চন্দ্রা পর্যন্ত যে দীর্ঘ যানজট ছিল, সেটি আর নেই। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। একই অবস্থা চন্দ্রা নবীনগর মহাসড়কেও। তবে চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় ৫ কিলোমিটার যানবাহনের ধীরগতি রয়েছে। সকাল হতে যে যেভাবে পারেন ট্রাক পিকআপে করেও গন্তব্যের দিকে চলে গেছেন৷
পরিবহণ চালকরা বলেন, অধিকাংশ কারখানা ছুটি হয় এবং বিকাল হতে টানা বৃষ্টি হওয়ায় যানজট সৃষ্ট হয়। রাতভর যানজটের ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। তবে সকাল হতে স্বাভাবিক হতে শুরু করেছে। দুপুরের পর যাত্রীদের চাপ অনেকটা কমেছে।
এনামুল হক নামে ঘরমুখো এক যাত্রী বলেন, বুধবার হতে যানজটের খবর শুনতে পেয়েছি। তবে আজ আমি কোনাবাড়ী হতে দুপুরের পর রওনা হয়েছি। কোনো যানজট নেই। এখন মানুষ স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।
পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি উদ্দেশ্যে রওনা দেওয়া আমিনুল ইসলাম বলেন, গার্মেন্টসে চাকরি করি। বছরে দুইটি ঈদে আমরা লম্বা ছুটি পাই। তাই ঝড় বৃষ্টি যানজট কিছুই না মেনে শত কষ্ট হলেও পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে চলে আসি। বুধবার যাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছিলাম বৃষ্টি ও যানজটের কারণে যায়নি। আজ রওনা হয়েছি তবে এখন যানজট কিছুটা কম আছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বুধবার বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হয়েছিল। তবে বৃহস্পতিবার সকাল হতে পরিস্থিতি স্বাভাবিক। দুপুরের পর যাত্রীদের চাপও কমেছে৷ যাত্রীদের যাত্রা নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
