ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শাহাদাৎ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো শিবচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে লাশ হয়ে ফিরল শাহাদাৎ খলিফা (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার ঈদের দিন বিকালে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ খলিফা শিবচর উপজেলার খলিফাকান্দি দ্বিতীয়খন্ড গ্রামের হীরু খলিফার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে শাহাদাৎ তার বন্ধুদের নিয়ে একটি ভ্যানযোগে ঘুরতে বেরিয়েছিল। পথে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহাদাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, একজন ভ্যানচালক লাশটি নিয়ে হাসপাতালে আসে। তবে হাসপাতালে আনার আগেই শাহাদাতের মৃত্যু হয়েছে।
শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।
