Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঈদের দিন বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, কোটি টাকা ক্ষতির দাবি

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০১:১৬ এএম

ঈদের দিন বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, কোটি টাকা ক্ষতির দাবি

সংগৃহীত

Advertisement

রাজশাহীর তানোরে ঈদুল ফিতরের দিন একটি কেবল টিভি নেটওয়ার্কের অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান দাবি করেছেন, এই হামলায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে তানোর কুঠিপাড়ায় অবস্থিত বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকে তানোর, নাচোল, মান্দা, গোদাগাড়ী ও মোহনপুর এলাকায় ডিশ ও কেবল সংযোগ বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হামলাকারীর নাম হাসান আলী (৩০)। তিনি কুঠিপাড়া মহল্লার বাসিন্দা এবং পেশায় ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, হাসান বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন। 

ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তানোর থানা সূত্রে জানা গেছে, হাসান বর্তমানে হাসপাতালে পুলিশের নজরদারিতে রয়েছেন।

মিজানুর রহমান মিজান বলেন, ‘ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় প্রধান গেটের তালা ভেঙে হামলাকারী ভেতরে প্রবেশ করে কন্ট্রোল রুমসহ পুরো অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় কোটি টাকার মেশিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’ তিনি এই ঘটনাকে পরিকল্পিত হামলা আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘ঈদের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাটি পরিকল্পিত। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্তকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার রাত ১১টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম