Logo
Logo
×
   

সারাদেশ

গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

গোরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

গোরস্থানের জমি নিয়ে বিরোধে দুগ্রুপের সংঘর্ষে নাঈম সওদাগর (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ছবি: যুগান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের জমি নিয়ে বিরোধে দুগ্রুপের সংঘর্ষে নাঈম সওদাগর (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাঈম সওদাগর কালিহাতীর দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- দেলুয়ার হোসেনের ছেলে মাজাহারুল ইসলাম (১৮), আবু হানিফের ছেলে সাকিল (২৩), সোনা মিয়ার ছেলে আবু বক্কর (২০), আজিজুল সিকদারের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও আজিজুল সিকদার (৭৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার মধ্যে সিকদার ও মন্ডল বংশের লোকজনের সঙ্গে সওদাগর বংশের লোকজনের গোরস্থানের জমি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কলেজছাত্র নাঈম সওদাগরের মৃত্যু হয় এবং উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে প্রায় তিন মাস ধরে সওদাগর বংশের সঙ্গে মণ্ডল ও সিদকার বংশের বিরোধ চলছে। গত ঈদেও দুই গ্রুপ আলাদা ঈদের নামাজ আদায় করেছে। 

কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, গোরস্থানে জমি বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। এতে এক জন নিহত ও ৫ জন আহত হয়েছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .