Logo
Logo
×
   

সারাদেশ

লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম

লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে মাদারীপুরের কালকিনির এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে মৃত্যু হলেও পরিবারের কাছে তা গোপন রাখা হয়েছিল। যুবকের লাশ দ্রুত দেশে আনাসহ এ ঘটনায় অভিযুক্ত দালালের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

মৃত যুবক মাদারীপুরের কালকিনির দক্ষিণ জনারদন্দির কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৫)।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় তিন বছর আগে মধ্যপ্রাচের দেশ কাতারে গিয়েছিলেন ইলিয়াস। সেখান থেকে বাংলাদেশি এক দালালের প্রলোভনে পড়ে ইলিয়াস অবৈধপথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন। গত বছর আগস্ট মাসে কাতার থেকে দালালের সহযোগিতায় লিবিয়া পৌঁছান তিনি। সেখানকার একটি বন্দিশালায় ইলিয়াসকে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র।

গত সোমবার (২৩ মার্চ) লিবিয়ার ওই বন্দিশালায় দালালের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস। চার দিন পর বৃহস্পতিবার রাতে স্থানীয় এক দালালের মাধ্যমে ইলিয়াসের মৃত্যুর খবর পান তার পরিবার। এরপর থেকে পরিবারের বইছে শোকের মাতম।

ইলিয়াসের বাবা কালাম হাওলাদার বলেন, আমার দুই ছেলে। দুজনই কাতারে থাকত। ওখানেই ভালো ছিল। বড় ছেলে ইলিয়াস আমাদের কাউকে কিছু না জানিয়ে নিজের সিদ্ধান্তে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যায়। লিবিয়াতে যাওয়ার পরে আমরা জানতে পারি। ছেলের মুখের দিকে চেয়ে আমি অনেক কষ্ট করে ২০ লাখ টাকা দালাল হাবিব মাস্টারের কাছে দিই। তবুও আমার ছেলে মারা গেল।

জানা যায়, হাবিব মাস্টার ওরফে হাবিবুর রহমান খন্দকারের বাড়ি ডাসারের গোপালপুরে। তিনি একটি মাদ্রাসার সাবেক শিক্ষক। বর্তমানে বাংলাদেশে থেকে লিবিয়ার মানবপাচার চক্রের অন্যতম সদস্য হিসাবে কাজ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত থাকলেও পুলিশের ধরোছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়রা জানান, কালকিনি ও ডাসার উপজেলা থেকে অন্তত ৩ শতাধিক যুবককে লিবিয়া হয়ে ইতালি নিয়ে গেছেন তিনি। এখনো লিবিয়ার বন্দিশালায় তার অন্তত শতাধিক অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।

অভিযুক্ত দালাল হাবিবুর রহমান খন্দকারকে একাধিকবার তার মোবাইল ফোনে কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

এ সম্পর্কে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, লিবিয়ার বন্দিশালায় যুবকের মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে মামলা নেওয়া হবে। এ ছাড়াও দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহর রয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .