রেললাইনে পড়ে ছিল জুতা-লুঙ্গি, ঘরে মিলল লাশ!
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে শিপটা রবিদাসের জুতা-লুঙ্গি পড়ে ছিল রেললাইনে। তার লাশ মিলল ঘরে। সোমবার (৩০ মার্চ) ভোরে মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
শিপটা রবিদাস (৫০) ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা গ্রামের মৃত ফুলচান রবিদাসের পুত্র।
নিহতের কন্যা চম্পা রবিদাস (১৫) জানায়, রাত ১টার দিকে তার বাবা বাসা থেকে বের হয়ে যায়। রাত ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় শরীরে কাপড়বিহীন হয়ে ঘরে ফিরেন। তখন তার বাবার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইনের পাশে নিহতের স্যান্ডেল জুতা ও লুঙ্গি পড়ে ছিল। সেগুলো জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন রবিদাস বাদী হয়ে গৌরীপুর থানার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ আল নোমান জানান, শিপটা রবি দাস দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হন। জীবিকার জন্য তিনি জুতা কালি করা ও জুতা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
একই গ্রামের বাসিন্দা আনিসুজ্জামান আনিস জানান, ফজরের নামাজের পর কয়েকজন তাকে ডেকে নিয়ে গেলে তিনি রেললাইনের পাশে জুতা ও লুঙ্গি পড়ে থাকতে দেখেন। পরে শিপটা রবি দাসকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের ধারণা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হয়ে ঘরে ফিরতে পারেন।
তবে নিহতের ছোট ভাই রিপন রবিদাসের দাবি তার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
