|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে ওঠে অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক উত্তর-পশ্চিম ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক এবং পেশায় দিনমজুর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।
স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রফিক কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন। এদিন তিনি শ্রমিক হিসেবে গাছ কাটতে যান সেলিম বেপারীর বাড়িতে। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
