Logo
Logo
×
   

সারাদেশ

চিকিৎসকদের যে অনুরোধ করলেন এমপি মানিক

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

চিকিৎসকদের যে অনুরোধ করলেন এমপি মানিক

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তাদের কোনো কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশোনা করেই চিকিৎসক হয়েছেন।

চিকিৎসকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। দায়িত্ব পালনের সময়ে বাহিরের কোনো চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এসব কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দেখতে চাই না। গণমাধ্যমে যারা কাজ করে তাদের প্রতি অনুরোধ- দালালদের দেখলে ছবি তুলে পুলিশের কাছে দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাকেও জানাতে পারবেন।

সংসদ সদস্য আরও বলেন, চাঁদপুর শহরে প্রায় ৭ থেকে ৮ লাখ লোকের বসবাস। যে কারণে হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক ও জনবল রয়েছে, তাতে সেবা দিতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। এরপরেও আপনারা আন্তরিক হয়ে দায়িত্ব পালন করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

শেখ ফরিদ আহমেদ চাঁদপুরের সিভিল সার্জনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সাধারণ রোগীদের জন্য ৩০ ভাগ ছাড়ে পরীক্ষা করার সুযোগ খুবই ভালো উদ্যোগ। এ ধারাবাহিকতা চালু রাখতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. নুর আলম দীন।

চিকিৎসক কাজলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।

হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের নেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .