মাকে মারধর করার ভিডিও ভাইরাল, পুলিশ হেফাজতে কিশোর
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের আনোয়ারায় মাদকের টাকার জন্য মাকে মারধর করে এক কিশোর। এ মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, মাদকের টাকা জন্য মাকে মারধর করে জাবেদুল ইসলাম জাবেদ (১৭) নামের ওই কিশোর। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক জাবেদুল ইসলাম জাবেদ চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা। সে মৃত ইয়াকুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সমাজে মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
