Logo
Logo
×
   

সারাদেশ

ছাগল বিক্রির ছাউনিতে বৃদ্ধের মানবেতর জীবনযাপন

Icon

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

ছাগল বিক্রির ছাউনিতে বৃদ্ধের মানবেতর জীবনযাপন

খুলনার পাইকগাছার কাসিমনগর ছাগল বিক্রির ছাউনিতে প্রায় এক মাস ধরে কাঁদছে মানবতা। ৮০-৮৫ বছরের অজ্ঞাত এক বৃদ্ধকে ছাউনিতে ফেলে রেখে গেছে নির্দয় পাষণ্ড ব্যক্তিরা।

উপজেলার কাশিমনগর বাজার জামে মসজিদের সামনে অবস্থিত ছাগল বিক্রির জায়গার ছাউনিতে শুয়েই কাটে তার দিন-রাত। দীর্ঘদিন ধরে নেই গোসল বা পরিষ্কার পরিছন্নতার কোনো উপায়। যে অবস্থায় আছেন ওই অবস্থায় প্রস্রাব-পায়খানা করছেন তিনি।

স্থানীয় এক চা দোকানদার জানান, ঈদুল ফিতরের কয়েক দিন আগে একটি ভ্যানে করে দুই ব্যক্তি বৃদ্ধকে এখানে নিয়ে আসেন। তাকে ছাউনিতে রেখে কিছুক্ষণ বসে থাকেন। এরপর কোনো এক সময় তারা চলে যান। তবে বৃদ্ধ মানুষটি থেকে যান সেখানে। পরের দিন সকালেও বৃদ্ধকে সেখানে শুয়ে থাকতে দেখি। অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোনো কথা বের হয়নি। দেয়নি কোনো সাড়াশব্দ। স্থানীয় লোকজন খাদ্য খাবার দিলেও সারা শরীর মল-মূত্র  থাকায় দুর্গন্ধের কারণে কাছে কেউ যেতে চান না।

একই স্থানে মানবেতর দিন-রাত কাটছে বৃদ্ধের। বাজারে যারা আসেন তাদের মানবিক দৃষ্টিতে দেওয়া খাদ্য খাবার খেয়ে কোনোভাবে কাটছে তার জীবন। নেই কোনো গোছল বা পরিষ্কার পরিছন্নতার কারবার।

পরিচয় জানতে চাইলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কোনো কথা বলতে চান না।

বাজারের ব্যবসায়ীরা জানান, বৃদ্ধকে বাঁচাতে সরকারি সহযোগিতা দরকার।

বাজার করতে আসা নুরুল আমিন জানান, এই বৃদ্ধকে যে বা যারা ফেলে রেখে গেছেন, তাদের খুঁজে বের করা জরুরি। হোক না তার আপনজন কিংবা অন্য কেউই। এদের শাস্তির আওতায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলেন। তবে খুলনায় কোনো বৃদ্ধ নিবাস বা শান্তি নিবাস নেই; তাই আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

তিনি জানান, ফরিদপুরে শান্তি নিবাস রয়েছে। সেখানে যোগাযোগ করা হয়েছে।

ওই বৃদ্ধকে খাবার সরবরাহকারী স্থানীয় সাংবাদিক মোস্তাক আহমেদ যুগান্তরকে বলেন, অসুস্থ ওই বৃদ্ধকে খাবার দিচ্ছি। তিনি নড়াচড়াও করতে পারেন না। একই স্থানে প্রস্রাব পায়খানা করছেন। দুর্গন্ধে ওই বৃদ্ধের পাশে যাওয়া যাচ্ছে না। তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। তবে প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .