চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই ছুরিকাঘাত, যাত্রী আহত
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলন্ত ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল করিম নামের এক যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল করিম (২২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ওই দিন রাত ৯টার দিকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও থেকে ছেড়ে যাওয়ার পর মশাখালী-কাওরাইদ স্টেশনের মাঝামাঝি এলাকায় একদল ছিনতাইকারী ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় ছাদে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম। ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ট্রেনের অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেসে তুলে দেন। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছলে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আহত যুবকের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
