Logo
Logo
×
   

সারাদেশ

অপহরণের চার দিন পর স্কুলশিক্ষার্থী উদ্ধার, যুবক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

অপহরণের চার দিন পর স্কুলশিক্ষার্থী উদ্ধার, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) অপহরণের ঘটনায় জাইদুল হক ওরফে ছাইদুল হক (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জাইদুল হক ওরফে ছাইদুল হক নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জাইদুল হক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার মারফত আলীর বাড়ির ভাড়াটিয়া ও হাতেম আলীর ছেলে।

মামলার বাদী জানান, তার মেয়ে কাঞ্চনের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি স্বামী, এক ছেলে ও মেয়েকে নিয়ে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার ফজর আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার মেয়ে (১২) স্কুলে আসা যাওয়ার সময় স্থানীয় বখাটে জাইদুল হক প্রায় সময়ই কুপ্রস্তাব দিত। পরে বিষয়টি আমাকে জানালে ওই বখাটে জাইদুল হকের পরিবারকে বিষয়টি জানাই।

তিনি জানান, এতে ক্ষিপ্ত হয়ে ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বখাটে জাইদুল হক তার ৪-৫ জন অজ্ঞাত সহযোগীদের নিয়ে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই জাইদুল হককে  আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে জানতে পারে জাইদুল হক আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। পরে জাইদুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনা স্বীকার করে বলে পারলে মেয়েকে উদ্ধার করে দেখাতে। আবার তারা মেয়েকে ফেরত দেবে বলে কখনো কাঞ্চনের কেন্দুয়া আবার কখনো নারায়ণগঞ্জ কয়লার ঘাটসহ বিভিন্ন স্থানে যেতে বলে।

মামলার বাদী বলেন, অপহরণকারীদের দেওয়া ঠিকানায় পুলিশসহ তার পরিবারের লোকজন গেলে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ৪ দিন পর তার মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের মূল হোতা জাইদুল হককে গ্রেফতার করে। আসামিরা এলাকার চিহ্নিত বখাটে ও মাদকসেবী; তাই আমি ও আমার স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের কাছে এ ঘটনার সর্বোচ্চ বিচার চাই।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, এ বিষয়ে  থানায় একটি অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্ত করে সত্যতা পায়। পরে বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাইদুল হককে নামীয় ও ৩-৪জনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা করা হয়। বুধবার সকালে ওই মামলার আসামি জাইদুল হককে মুন্সীগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং অপহৃত ওই শিক্ষার্থীকে (১২) উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপহরণকারী জাইদুল হককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .