Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৫২ এএম

মাদারীপুরে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার নামে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বজলু তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া, একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনাতেও স্থানীয়দের সন্দেহের তীর তার দিকেই রয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফয়সাল তালুকদার বিভিন্নভাবে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া, তার সহযোগীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম