মানিকগঞ্জে আইনশৃঙ্খলা সভা
মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ বিমানমন্ত্রী রিতার
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৩ পিএম
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
|
ফলো করুন |
|
|---|---|
মাদককারবার, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী, মাদককারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।
সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অপরাধ দমন এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধপ্রবণতা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন কমিটির সদস্যরা। অপরাধ নিয়ন্ত্রণে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতে ইসলামীর জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব এবং এনসিপির জেলা সভাপতি আমিনুর ইসলাম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
