নীরবে নিভৃতে চলে গেলেন ‘রহিম রূপবান’ খ্যাত পরান বাবু
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৭ পিএম
আব্দুস ছোবহান পরান বাবু। ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
আশির দশকের রূপালী পর্দার সেই চিরচেনা মুখ, জনপ্রিয় চলচ্চিত্র ‘রহিম রূপবান’-এর অভিনেতা আব্দুস ছোবহান পরান বাবু আর নেই। রোববার (১০ মে) নারায়ণগঞ্জের বন্দর রেললাইন এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার মাগফিরাত কামনায় মঙ্গলবার (১২ মে) নিজ বাসভবনে কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মৃত আজিম খান ও তারা বিবির সন্তান পরান বাবুর শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার মায়ের। তারা বিবির উৎসাহেই চলচ্চিত্র জগতে নাম লেখান তিনি। মহাকবি কায়কোবাদের রক্তসম্পর্কীয় এ মানুষটি ‘রহিম রূপবান’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন।
তবে রূপালী পর্দার সেই রঙিন জগত ছেড়ে একসময় তিনি থিতু হন নারায়ণগঞ্জের বন্দরে। জীবনসঙ্গিনী মাতুন বিবিকে নিয়ে শুরু করেন সংসার জীবন।
সংসারের চাকা সচল রাখতে আদম ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেও ভাগ্যের নির্মম পরিহাসে জীবনের শেষ সময়ে তাকে লড়তে হয়েছে চরম দারিদ্র্য ও জটিল রোগব্যাধির সঙ্গে। তিন কন্যা ও এক পুত্রকে নিয়ে একপ্রকার নিভৃতেই কেটেছে এই গুণী শিল্পীর শেষ দিনগুলো।
