নজর কাড়ছে চাঁদপুরের ‘রাজাবাবু’ ও ‘হামানকর্দ্দির কিং’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৪১ পিএম
নজর কাড়ছে চাঁদপুরের ‘রাজাবাবু’ ও ‘হামানকর্দ্দির কিং’
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের একটি বাড়ির খামারে বিশাল আকৃতির দুটি কুরবানির গরু সবার নজর কাড়ছে। ‘রাজাবাবু’ ও ‘হামানকর্দ্দির কিং’ নামে গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
জানা গেছে, আকৃতির দিক থেকেও গরু দুটি বেশ দৃষ্টিনন্দন। ‘রাজাবাবুর’ দৈর্ঘ্য প্রায় ৭ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। অপরদিকে ‘হামানকর্দ্দির কিং’-এর দৈর্ঘ্য প্রায় ৭ ফুট ৭ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুটেরও বেশি।
গরু দুটি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পীর সাহেবের বাড়ির পাশের বাসিন্দা নাছির বেপারীর খামারের। তবে দীর্ঘদিন ধরে গরু দুটির পরিচর্যা ও দেখভাল করছেন তার ভগিনীপতি শাহিন আলম।
খামার সূত্রে জানা যায়, ক্রস প্রিজিয়াম জাতের গরু দুটি গত পাঁচ বছর ধরে অত্যন্ত যত্নের সঙ্গে লালন-পালন করা হচ্ছে। এর মধ্যে ‘রাজাবাবুর’ বয়স ৪ বছর এবং ‘হামানকর্দ্দির কিং’-এর বয়স ৫ বছর।
গরু দুটিকে দেখভাল করা শাহিন আলম জানান, গরু দুটিকে কোনো ধরনের ক্ষতিকর খাবার বা মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। প্রতিদিন দেশীয় ঘাস, বিভিন্ন ধরনের লতা-পাতা, খৈল, ভুসি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মিত পরিচর্যার কারণে গরু দুটির স্বাস্থ্য ও গঠন এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
হাটে তোলার আগে যদি কারো পছন্দ বা নিতে আগ্রহী হয় তাহলে সরাসরি বাড়ির খামার থেকেই গরু দুটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন মালিক পক্ষ। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা খামারে এসে গরু দুটি দেখছেন এবং দাম যাচাই করছেন।
খামার মালিক জানান, ‘রাজাবাবু’ ও ‘হামানকর্দ্দির কিং’-এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১২ থেকে ১৩ লাখ টাকা। তবে আগ্রহী ক্রেতাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে কিছুটা কম মূল্যে বিক্রি করা হতে পারে।
