Logo
Logo
×
   

সারাদেশ

ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:২৪ পিএম

ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ফিরোজ প্রধান তারাব পৌর বিএনপির সহ-সভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

জানা গেছে, ভুক্তভোগী রূপগঞ্জের মৈকুলি এলাকায় একটি কারখানায় কাজ করেন। তিনি স্বামী ইমনকে নিয়ে মৈকুলি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী বলেন, অনেকদিন ধরেই ফিরোজ প্রধান আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়।  গত ১৮ এপ্রিল রাতে ফিরোজ প্রধান জোরপূর্বক ঘরে প্রবেশ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় চিৎকার করলে আমাকে চড়-থাপ্পড় মারা হয়।  পরে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। যাওয়ার সময় তিনি হুমকি দিয়ে যান, আমাদের শেষ করে দেওয়া হবে।  ভুক্তভোগী অভিযোগ করে আরও বলেন, বর্তমানে আমার সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফিরোজ প্রধান জানান, ওই তরুণীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। মোবাইলে থাকা অডিও কল রেকর্ড প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এগুলো অনেক আগের রেকর্ডিং, এখন এসব দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .