Logo
Logo
×
   

সারাদেশ

সাতক্ষীরায় জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০০ পিএম

সাতক্ষীরায় জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে শ্যামনগর থানায় মামলাটি করেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য মো. নজরুল ইসলামকে। এছাড়া তার ছেলে আব্দুর রহমান, স্থানীয় কথিত ক্যাডার বিশ্বজিৎ মন্ডলসহ আরও ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামনগরের পূর্ব দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণকাজ বাস্তবায়ন করছে ডিএল-উন্নয়ন (জেভি) ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে আর-রাদ করপোরেশন। অভিযোগ রয়েছে, গত বছরের আগস্ট মাস থেকে চেয়ারম্যান নজরুল প্রকল্পসংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্নভাবে কাজ বন্ধের চাপ সৃষ্টি করছিলেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। এর কয়েকদিন পর আবারও প্রকল্প এলাকায় হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। একই সঙ্গে সরকারের চলমান প্রকল্পটি যাতে নির্বিঘ্নে বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .