Logo
Logo
×
   

সারাদেশ

সীমান্তে বিএসএফের পুশব্যাক শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

সীমান্তে বিএসএফের পুশব্যাক শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত নতুন নির্দেশনার পর সীমান্ত এলাকায় পুশব্যাক শঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অনুপ্রবেশ বা জোরপূর্বক ফেরত পাঠানোর চেষ্টা মোকাবিলায় সাতক্ষীরা সীমান্তে গভীর রাতেও কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

মঙ্গলবার (২৬ মে) সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো করা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, তাদের বাংলাদেশ সীমান্তের দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উদ্বেগ ও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য পুশব্যাক ঠেকাতে সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। গভীর রাতেও সীমান্ত এলাকায় বিজিবির টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের পুশব্যাকের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আমরা গভীর রাতেও সতর্ক অবস্থানে রয়েছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় জড়ো করা ব্যক্তিদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। পরে তাদের পুলিশের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সীমান্ত পরিস্থিতিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সীমান্তে দুই দেশের বাহিনীর বাড়তি নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .