Logo
Logo
×
   

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০০ পিএম

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার সকালে ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে বুধবার সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালী, মিরগিডাঙ্গাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি দেন তারা।

ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মো. মোহাব্বত আলী বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

মুসল্লিরা জানান, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তারা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদের নামাজ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .