Logo
Logo
×
   

সারাদেশ

‘মানুষের সঙ্গে বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন?’

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৫৫ পিএম

‘মানুষের সঙ্গে বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন?’

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের নয়শত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

​মঙ্গলবার (৯ জুন) রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মাচরের নওসারা সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছেলে মো. সুজন আলী ও মো. নাজমুল আলী।

বুধবার (১০ জুন) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলসহ কেটে ফেলা গাছগুলো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। 

স্থানীয়রা জানান, আর কিছুদিন পরেই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠতো। তার আগেই দুর্বৃত্তদের এমনকাণ্ডে কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন।

​ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এই পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে তাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। এতে তারা এখন নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন।

​এদিকে ফসলের ওপর এমন নির্মমতায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .