নারিকেল গাছ বন্ধক রেখে নির্বাচন, সেই ক্যানসার আক্রান্ত কর্মীর পাশে হুইপ নিজান
শাহরিয়ার কামাল, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
মো. পারভেজ
|
ফলো করুন |
|
|---|---|
দলের দুঃসময়ে নিজের আয়ের একমাত্র সম্বল নারিকেল গাছ বন্ধক (কট) দিয়ে প্রিয় নেতা জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচন করেছিলেন মো. পারভেজ। তিনি আজ ক্যানসার আক্রান্ত।
জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আশরাফ উদ্দিন নিজানের ভালোবাসায় সিক্ত হলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মো. পারভেজ (৪০)।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত এই একনিষ্ঠ রাজনৈতিক কর্মীর উন্নত চিকিৎসার জন্য এবার নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। হুইপের এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগের ফলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো সম্ভব হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কমলনগরের প্রত্যন্ত অঞ্চল চরবসু গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে মো. পারভেজ পেশায় একজন সাধারণ প্রান্তিক কৃষক। তবে রাজনীতির মাঠে তিনি এক আপসহীন, লড়াকু ও নিবেদিতপ্রাণ মুখ। তৃণমূলের ত্যাগী এই নেতা বর্তমানে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলের দীর্ঘ দুঃসময়ে ও রাজনৈতিক প্রতিকূলতায় যখন অনেকে গা-ঢাকা দিয়েছিলেন, তখনো রাজপথে বুক চিতিয়ে উচ্চকণ্ঠে কথা বলেছেন পারভেজ। এমনকি বিগত নির্বাচনে প্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষের পক্ষে কাজ করতে গিয়ে নিজের আয়ের প্রধান উৎস বাড়ির সব নারিকেল গাছ বন্ধক রেখে সেই টাকা দিয়ে নির্বাচনের খরচ বহন করেছিলেন এই নিঃস্বার্থ কর্মী; যা নির্বাচনকালে বিভিন্ন সভায় উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
পারভেজের পারিবারিক ট্র্যাজেডির বিবরণ দিয়ে স্ত্রী রহিমা খাতুন জানান, গত দুই মাস ধরে মারাত্মক অসুস্থতায় ভুগছেন তার স্বামী পারভেজ। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তাকে রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে বেশ কিছু জটিল পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে তার শরীরে এই মরণব্যাধির লক্ষণ স্পষ্ট হয়ে উঠে।
এদিকে পারভেজের কোলজুড়ে রয়েছে মাত্র চার মাসের একটি দুগ্ধপোষ্য শিশুসন্তান এবং আরও তিনটি কন্যাসন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পারভেজ নিজেই এখন শয্যাশায়ী ও মৃত্যুর মুখোমুখি। ফলে পুরো পরিবারে এখন চরম অনিশ্চয়তা আর ঘোর অন্ধকার নেমে এসেছে। চিকিৎসার চড়া ব্যয়ভার বহন করা তো দূরের কথা, যেখানে দুমুঠো অন্নসংস্থান করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, সেখানে ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়িয়েছেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
জানা গেছে, এর আগেও পারভেজের চিকিৎসার খোঁজখবর নিয়ে চিকিৎসার প্রাথমিক ধাপে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন হুইপ। আজ তার চিকিৎসার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে আরও এক লাখ টাকার বড় অঙ্কের এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। একই সঙ্গে ঢাকায় তার সুচিকিৎসার সার্বিক তদারকিরও আশ্বাস দেন এই নেতা।
পারভেজের রাজনৈতিক সহকর্মী ও চর কাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিব যুগান্তরকে বলেন, পারভেজ ভাইয়ের মতো একনিষ্ঠ ও নিঃস্বার্থ ত্যাগী কর্মী বর্তমান রাজনীতিতে বিরল। দলের জন্য তিনি নিজের ব্যক্তিগত সামান্য সম্পত্তিটুকু বিসর্জন দিতেও দ্বিধা করেননি। আজ তিনি যখন মরণব্যাধির সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন আমাদের অভিভাবক ও প্রিয় নেতা হুইপ যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা দলের সাধারণ নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত, উদ্বুদ্ধ ও কৃতজ্ঞ। হুইপের এই সময়োপযোগী অনুদানের কারণেই আজ পারভেজ ভাইকে উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আমরা পরম করুণাময়ের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি।
এদিকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ জানান, একজন তৃণমূল কর্মীর চরম বিপদে শীর্ষ নেতার এভাবে পরম মমতায় পাশে দাঁড়ানো বর্তমান রাজনৈতিক অঙ্গনে এক অনন্য, অনুকরণীয় ও মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। এখন চার কন্যাসন্তান ও পারভেজের অসহায় পরিবারটি তাদের একমাত্র অভিভাবকের সুস্থ হয়ে আবার ঘরে ফেরার অপেক্ষায় অশ্রুসজল চোখে প্রহর গুনছেন।
