সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ
প্রবল ঝড় উপেক্ষা করে নগর বিএনপির সমাবেশ ও মিছিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পতিত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার বিকাল ৪টায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির চলমান অপচেষ্টা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। গুম, খুন, লুটপাট ও দমন-পীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে। সেই অপশাসনের পক্ষে যারা বিভিন্নভাবে যুক্ত ছিল, তাদের অপতৎপরতা এখনো থেমে নেই। তারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও পরাজিত শক্তির দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। একটি মহল সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে নাশকতা ও খুন-খারাবির চেষ্টা চালাচ্ছে।
সাঈদ আল নোমান এমপি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার অপচেষ্টায় এখনো লিপ্ত রয়েছে। দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ইকবাল চৌধুরী, এমএ হান্নান, অধ্যাপক নুরুল আলম, এসএম আবুল ফয়েজ, মো. মহসিন, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ, একে খান, মো. আজম, আশরাফুল ইসলাম ও মো. ইউসুফ।
