Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বান্দরবানে নারীদের কর্মসংস্থানে জব ফেয়ার অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৪২ পিএম

বান্দরবানে নারীদের কর্মসংস্থানে জব ফেয়ার অনুষ্ঠিত

Advertisement

দক্ষ নারী ও কিশোরীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। মঙ্গলবার (১৬ জুন) শহরের হিল ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় পর্যটন, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, রিটেইল ও আতিথেয়তা খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে চাকরিপ্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার, সিভি যাচাই এবং ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পান। আয়োজকদের মতে, দক্ষ তরুণীদের সঙ্গে সম্ভাব্য নিয়োগদাতাদের সরাসরি সংযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘স্বপ্নের সারথী–গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় জব ফেয়ারটি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশ।

আয়োজকরা জানান, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য, বাল্যবিবাহ, চলাফেরার সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানের অভাব নারীদের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে ‘স্বপ্নের সারথী’ প্রকল্প।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, ‘বান্দরবান জেলায় পর্যটন ও সেবা খাত দ্রুত বাড়ছে। দক্ষ জনবলের চাহিদা আছে, কিন্তু স্থানীয়ভাবে সেই যোগান এখনও কম। এই মেলা সেই ঘাটতি পূরণের একটি বাস্তব পদক্ষেপ।’

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনাম বলেন, ‘প্রশিক্ষণ পাওয়া মেয়েরা কাজের সুযোগ পেলে দ্রুত নিজেদের প্রমাণ করতে পারে। এই মেলা সেই সুযোগটাই তৈরি করছে।’

প্রকল্প সমন্বয়কারী জাহিদ হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, প্রশিক্ষিত মেয়েদের জন্য বাস্তব কর্মসংস্থানের পথ তৈরি করা। এই জব ফেয়ার দক্ষ তরুণীদের সঙ্গে স্থানীয় নিয়োগদাতাদের সরাসরি যুক্ত করছে। আমরা চাই প্রতিটি মেয়ে যেন প্রশিক্ষণ শেষে সত্যিকারের একটা গন্তব্য খুঁজে পায়, সেটা হোক চাকরি বা নিজের কোনো উদ্যোগ। এই মেলা সেই সেতুটাই তৈরি করছে।’

প্রকল্পের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ হাজার ১০০ নারী ও কিশোরীকে খাবার পরিবেশন, রিটেইল, হাউসকিপিং ও কম্পিউটার দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার ১ হাজার ৩২০ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে ‘পাসপোর্ট টু আর্নিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে ৫ হাজার ৪০০ শিক্ষার্থী ডিজিটাল দক্ষতা ও নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

আয়োজকরা জানান, একই উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুন কক্সবাজারের হোটেল সি প্যালেসে আরেকটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম