Logo
Logo
×
   

সারাদেশ

শিক্ষার্থীদের ‘ভিখারি’ বলে বকাঝকা, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

শিক্ষার্থীদের ‘ভিখারি’ বলে বকাঝকা, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পাবনা ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের অসদাচরণ, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বুধবার বিকালে পাবনা পৌর এলাকার অনন্ত বাজার এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ঢাকা-পাবনা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বেতন ও পরীক্ষার ফি কমানোর জন্য অধ্যক্ষ ম্যাডামকে বলার সঙ্গে সঙ্গে তিনি আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এমনকি আমাদের পরিবার ও অভিভাবকরা ভিখারি বলে বকা দেন। তাই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে।

তাদের অভিযোগ, ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজটি একটি ট্রাস্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি বছর প্রতিষ্ঠান কোটি টাকা আদায় করছে। তারপর সরকার তাদের বেতন দেয়। এত কিছুর পরেও কেন আমাদের ওপর জোর-জুলুম করা হয়।

এ ব্যাপারে অধ্যক্ষ সুরাইয়া সুলতানা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিখারি বলার বিষয়টি অস্বীকার করে বলেন, কেন তারা বিক্ষোভ করছে তা জানি না। তাদের কোনো দাবিদাওয়া থাকলে আমাকে বলুক। আমি কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করব।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের সড়ক থেকে ক্যাম্পাসে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .