পারিবারিক কলহ: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল করিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি বাড়িতে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা-মায়ের ঝগড়ার সময় কলহে জড়ান নিজেকে। মায়ের পক্ষ নিয়ে বাবার মাথায় লাঠির বাড়ি দেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হন বাবা রেজাউল করিম। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের বিভিন্ন পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া কলহ লেগে ছিল। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এ সময় রাকিবুল তার মায়ের পক্ষ নেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আঘাতে রেজাউল গুরুতর রক্তাক্ত জখম হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই রাকিবুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। তবে ঘটনাক্রমে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাবার মাথায় লাঠি মেরেই ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। তবে তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। বিকেলে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
