Logo
Logo
×
   

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন

২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণার পাশাপাশি বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। গত বছর ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে কর্মকর্তা-কর্মচারির বেতন ভাতা ও পারিশ্রমিক খাতে।

নিজের মেয়াদে দ্বিতীয় বাজেট ঘোষণা করে চসিক মেয়র বলেন, ২০২৪ সালের ৩ নভেম্বর চসিকে ৫৯৬ কোটি টাকা দেনা নিয়ে আমি দায়িত্বগ্রহণ করেছি। বর্তমানে দেনার পরিমাণ কমে ৩৮০ কোটি টাকা হয়েছে। এই হিসেবে গত দেড় বছরে ২১৬ কোটি টাকা দেনা কমেছে। বর্তমানে প্রতি মাসে জনপ্রতি ১ লাখ টাকা করে ৪২০ জনকে ৪ কোটি ২০ লাখ টাকা আনুতোষিক প্রদান করা হচ্ছে, যা চলমান থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব চসিকের দেনা শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর আশার প্রতিফলন ঘটানোর প্রত্যাশায় ও এ নগরীকে ক্লিন-প্রিন, হেলদি ও সেইফ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে বাজেট ঘোষণা করছি। এবারের প্রস্তাবিত বাজেটেও অন্যান্যবারের মত সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে। এছাড়া হার কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর খাতে ১৯৭ কোটি টাকা আয় ধরা হয়েছে।

তিনি আরও বলেন, চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে যেসব গৃহকর নির্ধারণ করা হয়েছিল, সেগুলো যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। যাচাই বাছাই শেষে সঠিক ও ন্যায্যভাবে কর নির্ধারণ করা হচ্ছে। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল ও অয়েল কোং লিমিটেডসহ বড় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে অবশ্যই তাদের নিকট প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে।

২০২৬-২৭ অর্থ বছরের জন্য সুনির্দিষ্ট ৪টি কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র। এগুলো হল— চলমান নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করা, দক্ষ জনবল গড়ার লক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ, বর্তমান কাজের পরিধি এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন এবং অনুমোদনের ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন সেবা কার্যক্রমসহ চসিকের কার্যক্রমসমূহ ডিজিটালাইজেশন করার লক্ষে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ।

বাজেট অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .