হুইপ নিজানের শোক
নারিকেল গাছ বন্ধক রেখে নেতার নির্বাচন করা সেই পারভেজ আর নেই
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম
মো. পারভেজ
|
ফলো করুন |
|
|---|---|
দলের দুঃসময়ে নিজের আয়ের একমাত্র সম্বল নারিকেল গাছ বন্ধক (কট) দিয়ে প্রিয় নেতার নির্বাচন করেছিলেন। রাজনীতির মাঠে বুক চিতিয়ে লড়াই করা লক্ষ্মীপুরের কমলনগরের সেই নিঃস্বার্থ ও ত্যাগী কর্মী মো. পারভেজ (৪০) অবশেষে ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলেছে তার নিথর দেহ।
এর আগে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত এই কর্মীর উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠিয়েছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান; কিন্তু নিয়তির নির্মম পরিহাসে চিকিৎসার মাঝপথেই ট্র্যাজেডির শিকার হতে হলো এই লড়াকু কর্মীকে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগরের প্রত্যন্ত অঞ্চল চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে মো. পারভেজ পেশায় একজন সাধারণ প্রান্তিক কৃষক ছিলেন। তৃণমূলের এই ত্যাগী নেতা বর্তমানে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বিগত নির্বাচনে প্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে গিয়ে নিজের আয়ের প্রধান উৎস বাড়ির সব নারিকেল গাছ বন্ধক রেখে সেই টাকা দিয়ে নির্বাচনের খরচ বহন করেছিলেন তিনি; যা তৎকালীন রাজনৈতিক অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে।
গত দুই মাস ধরে মারাত্মক ক্যানসার রোগে ভুগছিলেন পারভেজ। চার মাসের এক দুগ্ধপোষ্য শিশুসন্তানসহ চার কন্যাসন্তানের জনক পারভেজের চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এই সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়ান হুইপ আশরাফ উদ্দিন নিজান। এর আগে চিকিৎসার প্রাথমিক ধাপে ১০ হাজার টাকা এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়ে পারভেজকে ঢাকার নাক, কান ও গলা ইনস্টিটিউটে পাঠান তিনি।
পারিবারিক সূত্র জানায়, ঢাকায় ভর্তির পর পারভেজের সঙ্গে থাকা তার এক চাচা হাসপাতালের পাশে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফিরে এসে তিনি দেখেন পারভেজ সেখানে নেই। হাসপাতাল ও আশপাশের এলাকায় দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ক্যানসার আক্রান্ত পারভেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার এ খবরটি বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়।
অবশেষে গতকাল রাজধানীর একটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাশের ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে পারভেজের লাশ শনাক্ত করেন।
পারভেজের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। তার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় পারভেজের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়েছে। রাত ১০টায় পারিবারিক কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চর কাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিব জানান, পারভেজ ভাইয়ের মতো নিঃস্বার্থ কর্মী বর্তমান রাজনীতিতে বিরল। আজ তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। তবে শেষমুহূর্তে আমাদের নেতা হুইপ যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।
