Logo
Logo
×
   

সারাদেশ

মাইকিং করে তিন গ্রামের সংঘর্ষ, অনেকে আহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

মাইকিং করে তিন গ্রামের সংঘর্ষ, অনেকে আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকিং করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংঘর্ষে আরও একটি গ্রামের লোকজন যুক্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি ও বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুই গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

এর জেরে সোমবার বিকালে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে তিন গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় তিনলাখপীর-চারগাছ সড়ক বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে ইটপাটকেলে কিছু লোকজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে লোকজনদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশ।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ইটপাটকেলে কিছু লোকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লোকজন প্রত্যেকের গ্রামে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .