Logo
Logo
×
   

সারাদেশ

ক্ষমা না চাইলে পাবনায় তুষার ও সারজিস আলম অবাঞ্ছিত: বিএনপি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

ক্ষমা না চাইলে পাবনায় তুষার ও সারজিস আলম অবাঞ্ছিত: বিএনপি

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া মিথ্যা বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার আলম তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা বিএনপি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা এ ঘোষণা দেন।

পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণকারী সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখা।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল।

তিনি আরও বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থি। অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা-সমাবেশে সারজিস আলম আর সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন আছে বলে দাবি করে মাসুদ খন্দকার বলেন, তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই। জামায়াত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই। সেখানেই তো বোঝা যায় কারো (জামায়াত) ইন্ধন আছে কিনা নেই। কে কোন সূরে কথা বলছে- এটা জনগণও বুঝতেছে আমরাও বুঝতেছি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও বর্তমান জেলা আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন-  শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

এদিকে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপির বিরুদ্ধে এনসিপি নেতাদের মিথ্যা ও অশ্লীল বক্তব্যের প্রতিবাদে একই দিন বিকালে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, কেএম মুসা, আনিসুল হক বাবু, নুর মাসুম বগা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .