Logo
Logo
×
   

সারাদেশ

সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত

ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুই ভাই এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।

এ ঘটনায় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে শোকের মাতম চলছে।

সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালেক।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যান।

সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করত। তারা দুইজনই রিয়াদ শহরে ব্যবসায়িক মালামাল কিনতে যায়। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়।

এদিকে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন তাদের মাসহ পরিবারের সদস্যরা। সজীব ও সুজন ভদ্র স্বভাবের এবং পরিশ্রমী মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .