Logo
Logo
×
   

সারাদেশ

গাজীপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা হৃদয় আটক

পালিয়ে যাওয়া কারবারীরা স্থানীয়দেরকে হুমকি দিচ্ছে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

গাজীপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা হৃদয় আটক

আটক মাদক বিক্রেতা হৃদয়

গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯নং ওয়ার্ডের শীর্ষস্থানীয় মাদক বিক্রেতাদের মধ্যে অন্যতম হৃদয় ইয়াবাসহ আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবী ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়।

আটক হৃদয় মিয়া ওই ওয়ার্ডের জয়নালের ছেলে। তার সঙ্গে থাকা অপর ব্যবসায়ীরা হচ্ছে—ইব্রাহীম হোসেন পিতা আলাল হোসেন, আমান উল্লাহ পিতা অজ্ঞাত ও শাহেনশাহ শাহীন পিতা বাবু মিয়া। প্রত্যেকের বাড়ি হায়দরাবাদে। এদের মধ্যে ইব্রাহীম হোসেন মাদকের পাইকারি বিক্রেতা হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। সে ছুটে গিয়ে স্থানীয়দেরকে বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।   শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১ টার দিকে ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ মধ্যপাড়া নহরীরপাড় মসজিদ রোডে আমানের বাড়িতে মাদকসেবন ও বিক্রিরত অবস্থায় তাদের হাতেনাতে ধরে মসজিদের মুসুল্লিরা। এ সময় ইব্রাহিম, আমান ও শাহেন শাহ ধস্তাধস্তি করে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। হৃদয়কে ধরে বায়তুন নূর মসজিদে নিয়ে যায় মুসুল্লিরা। জুমআর নামাজ শেষে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় অন্তত ২০ জন বাসিন্দা প্রায় একই রকম তথ্য দিয়ে জানান, গত কিছুদিন ধরে হায়দরাবাদে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। প্রকাশ্যে ইয়াবা-গাজা বেচাকেনা চলছে।মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এখানে। হায়দরাবাদ মাদ্রাসা ও স্কুল রোডে মোটাদাগে তিনটি স্পটে প্রতিনিয়ত প্রকাশ্যে মাদক বেচাকেনা ও আড্ডা চলছে। সেগুলো হচ্ছে—নহরীর পাড় বায়তুন নূর জামে মসজিদ সড়ক হয়ে ইসমাইল হাজীর দান করা কবরস্থান, বারিধারা মহিলা সমবায় সমিতির ভিটা (মাজার রোড) এবং তছর উদ্দিনের (তছুর ভিটা নামে পরিচিত) ভিটাসহ পুকুরপাড়। এসব স্থানে দিন-রাত প্রকাশ্য মাদকাসক্তদের আড্ডা এবং মাদক বেচাকেনা চলছে। 

শুধু তাই নয়; এসব স্থানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে মাদকাসক্তরা এসে ইয়াবাসহ মাদক কিনে নিয়ে যাচ্ছে। এই সড়ক ও আশপাশের বাড়িঘরে প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এলাকাবাসীর ধারণা মাদকাসক্তরাই এসব চুরিসহ অপরাধের সঙ্গে জড়িত। মসজিদের আশপাশে এ ধরনের অপরাধ না করতে মাদক বিক্রেতাদেরকে একাধিকবার মুসুল্লিদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তারা সতর্ক না হয়ে উল্টো মুসুল্লিসহ সমাজবাসীকে তাদের অপরাধে বাধা হয়ে না দাঁড়াতে নানা হুমকি দিচ্ছে। মাদকাসক্তদের দৌরাত্মে এলাকাবাসী বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের আগে মাদক ব্যবসায়ীদের আনাগোনা দেখে স্থানীয় মসজিদের মুসুল্লিরা আমান উল্লাহর বাড়িতে গিয়ে উল্লেখিত চারজনকে ধরে ফেলে। এর মধ্যে ৩ জন পালিয়ে যেতে সক্ষম। আটক হৃদয় জিজ্ঞাসাবাদে জানায়, মাদক বেচাকেনায় আশপাশের আরও কয়েকজন জড়িত। তাদের আটক করতে পারলে প্রকৃত চিত্র উঠে আসবে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ডিউটি অফিসার শামসুল জানান, হৃদয়কে ইয়াবা ও মাদকের সরঞ্জামাদিসহ আটক করে থানায় আনা হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম এ বিষয়ে বলেন, এলাকাবাসী একজনকে মাদকসহ আটক করে থানায় সোপর্দ করেছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কাউকে হুমকি দিলে বা মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। হুমকিদাতা ও চিহ্নিত মাদকস্পটগুলোতে পুলিশি অভিযান জোরদার করা হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .